মাদক কারবারে জড়িত থাকার দায়ে ১০ বছরের সশ্রম কারাদণ্ড এক ব্যক্তির - The News Lion

মাদক কারবারে জড়িত থাকার দায়ে ১০ বছরের সশ্রম কারাদণ্ড এক ব্যক্তির

 


দি নিউজ লায়নঃ     মাদক কারবারে জড়িত থাকার দায়ে এক ব্যক্তিকে ১০ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিল বর্ধমান আদালত। এছাড়াও সাজাপ্রাপ্তকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। তা অনাদায়ে আরও ২ মাস জেল খাটতে হবে তাকে। 


গ্রেপ্তার হওয়ার পর যতদিন সে জেলে রয়েছে সাজার মেয়াদ থেকে তা বাদ যাবে। শুক্রবার বর্ধমানের মাদক আদালতের বিচারক নন্দন দেব বর্মণ এই সাজা শুনিয়েছেন। তবে, ঘটনায় অপর অভিযুক্ত বিকাশ ঘোষকে প্রমাণাভাবে বেকসুর খালাস ঘোষণা করেছেন বিচারক। সাজাপ্রাপ্তের নাম গণেশ দাস বৈরাগ্য। পশ্চিম বর্ধমানের কাঁকসা থানার বিরুডিহায় তার বাড়ি। 


কেসের সরকারি আইনজীবী অরিন্দম মুখোপাধ্যায় বলেন, ২০১৪ সালের ৫ ডিসেম্বর ভোরে গণেশের বাড়িতে হানা দেয় নারকোটিক কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) কলকাতা জোনাল ইউনিটের একটি টিম। বাড়ি থেকে ৫টি নাইলনের বস্তায় মজুত করে রাখা পোস্তর খোলা উদ্ধার হয়। মাদক দ্রব্য ডোডা তৈরিতে পোস্তর খোলা ব্যবহৃত হয়। বস্তাগুলি বাজেয়াপ্ত করা হয়। এছাড়াও বাড়ি থেকে ৪ হাজার ৪৫০ টাকা মেলে। জিজ্ঞাসাবাদের জন্য গণেশকে কলকাতায় ডেকে পাঠানো হয়।


 জিজ্ঞাসাবাদে সে জানায়, কাঁকসা থানারই বাসুদেবপুরের বাসিন্দা বিকাশ তাকে পোস্তর খোলা সরবরাহ করেছে। পোস্তর খোলা মজুতের বৈধ কোনও কাগজপত্র দেখাতে না পারায় গণেশকে গ্রেপ্তার করা হয়। এনসিবির গোয়েন্দারা বিকাশের বাড়িতে যান। কিন্তু, তাকে পাওয়া যায়নি। ঘটনার বেশ কিছুদিন পর আদালতে আত্মসমর্পণ করেন বিকাশ। তাঁর আইনজীবী সুকুমার লাহা বলেন, বিকাশ যে পোস্তর খোলা সরবরাহ করেছে সে সংক্রান্ত কোনও তথ্য এনসিবি আদালতে পেশ করতে পারেনি। তাছাড়া, ঘটনায় বিকাশের জড়িত থাকার তথ্য না থাকায় হাইকোর্ট তাঁর জামিন মঞ্জুর করে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.